আহত হলেও নিরাপদে আছেন মোজতবা খামেনি

যুদ্ধকালীন চোটে আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
বুধবার (১১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
গার্ডিয়ানের খবর জানায়, নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইউসেফ বলেন, ‘আমি খবর পেয়েছিলাম যে মোজতবা খামেনি আহত হয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাকে জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।’
সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোজতবা খামেনিকে ‘আহত’ হিসেবে উল্লেখ করা হলেও তার আঘাতের ধরন বা মাত্রা সম্পর্কে কিছু জানায়নি। আজ তার স্বাস্থ্যের খবর দিলেন ইউসেফ পেজেশকিয়ান।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন মোজতবা খামেনি। ক্ষমতা নেওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তিনজন ইরানি ও দুজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনই মোজতবা খামেনি আহত হয়েছিলেন।
ভোরের আকাশ/আ.র