এটি কেবল শুরু, পথ এখনও অনেক বাকি: দিপকে

ভারতে কয়েক সপ্তাহের টানা আন্দোলনের মুখে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটি কেবল শুরু। আমাদের পথ এখনও অনেক বাকি।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের কয়েকটি দাবি সরকার মেনে নেওয়ার পর আপাতত কিছুটা স্বস্তির সুযোগ পেয়েছেন ৩০ বছর বয়সী এই তরুণ আন্দোলন নেতা। দীর্ঘ আন্দোলনের পর এখন তিনি কিছুটা বিশ্রাম নিচ্ছেন।
ভিডিও বার্তায় দিপকে বলেন, ‘কী করতে হবে কিংবা সন্ধ্যার মধ্যে কী ঘটবে—এসব চিন্তা ছাড়াই এখন ঘুমাতে যেতে পারছি এবং নিজের ঘরেই নিশ্চিন্তে ঘুম থেকে উঠতে পারছি।’ তিনি জানান, টানা ৩৭ দিনের আন্দোলন ছিল ‘সত্যিই অত্যন্ত কঠিন’ এবং সেই সময় প্রতিটি মুহূর্ত ছিল উদ্বেগে ভরা।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের এই সাফল্য শেষ গন্তব্য নয়; বরং এটি একটি নতুন যাত্রার সূচনা। তার ভাষায়, ককরোচ জনতা পার্টির সামনে এখনও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবে গত মে মাসে অভিজিৎ দিপকে ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠা করেন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সংগঠনটি দেশটির জেন-জি বা নতুন প্রজন্মের তরুণদের বড় একটি আন্দোলনের প্ল্যাটফর্মে পরিণত হয়।
অল্প সময়ের মধ্যেই হাজার হাজার সমর্থক—যারা নিজেদের ‘ককরোচ’ পরিচয়ে পরিচিত করেন—রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে সমবেত হন। সেখানে টানা বিক্ষোভ, স্লোগান ও কর্মসূচির মাধ্যমে তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করেন।
আন্দোলনকারীরা মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং চাকরিপ্রার্থীদের আত্মহত্যার ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন। সরকারের বিলম্বিত পদক্ষেপের কারণে আন্দোলনে প্রতিদিন নতুন নতুন সমর্থক যোগ দেন। শেষ পর্যন্ত শনিবার ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিলে সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
তবে এই অর্জনের পেছনে কঠিন সময় পার করতে হয়েছে বলেও ভিডিও বার্তায় উল্লেখ করেন দিপকে। আন্দোলনের শুরু থেকে যারা পাশে ছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি। টাইফয়েডে আক্রান্ত হওয়া এবং জ্বরে ভোগার কারণে যন্তর মন্তরে উপস্থিত হয়ে সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে না পারায় দুঃখও প্রকাশ করেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যারা টানা ৩৭ দিন যন্তর মন্তরে অবস্থান করেছেন, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা দেশের জন্য যা করেছেন, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।’
সমালোচকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন দিপকে। তিনি বলেন, গঠনমূলক সমালোচনা ও বিভিন্ন প্রশ্ন তাকে নিজের ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ করে দিয়েছে। তার ভাষায়, ‘আমার বিশ্বাস, এ কারণেই আমরা শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছি।’ সূত্র: এনডিটিভি।
ভোরের আকাশ/সু.পা