হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান, জাহাজ চলাচলে কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরান।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করলে জাহাজগুলোকে ‘কঠোর ব্যবস্থা’র মুখে পড়তে হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, আইআরজিসি আরও জানিয়েছে, “ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র এবং তাদের সমর্থক দেশগুলোর কোনও জাহাজ হরমুজ প্রণালির কোনও করিডোর ব্যবহার করে চলাচল করতে পারবে না কিংবা কোনও গন্তব্যে যেতে পারবে না।”
এ ঘোষণার পর বিভিন্ন দেশের পতাকাবাহী অন্তত তিনটি কনটেইনার জাহাজ সতর্কবার্তা পেয়ে দিক পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এই নৌপথে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে আছে। সেকারণে বিশ্ব জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
ভোরের আকাশ/এনএস