আফগানিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত ১৫

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে যাত্রীবাহী একটি মিনিবাস পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে গেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, মিনিবাসটি রাজধানী ফাইজাবাদের দিকে যাচ্ছিল। পথে সড়কের অত্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং সেটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে ছয়জন শিশু, পাঁচজন নারী ও চারজন পুরুষ রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজন মারা যান। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১৫ জনে। দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানে সড়ক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এর সঙ্গে ঝুঁকিপূর্ণ যান চলাচল এবং পর্যাপ্ত নজরদারির অভাব মিলিয়ে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে।
গত বছরের আগস্টে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান থেকে ফেরা অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে ৭৮ জন নিহত হন। ওই দুর্ঘটনায় এক ডজনের বেশি শিশু প্রাণ হারায়। কর্তৃপক্ষ জানিয়েছিল, বাসটি একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল, যা সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়।
এছাড়া একই মাসে রাজধানী কাবুলের কাছে একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে একটি বাস উল্টে গিয়ে ২৫ জন নিহত হন বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ