যুদ্ধের মাঠে যুক্তরাষ্ট্র ব্যর্থ: জেনারেল শেখারচি

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র নিজেদের লক্ষ্য অর্জন এবং ইরানকে দুর্বল করার পরিকল্পনায় ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি। রোববার (২৬ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মার্কিনিদের জন্য বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত হয়ে উঠেছে।”
ইরানি এই জেনারেল আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ পরিচালনায় নতুন কৌশল খুঁজছে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বের হয়ে আসতে চাইলেও তা নিজেদের ইচ্ছায় সম্ভব হবে না। এ ক্ষেত্রে তাদের ‘ইহুদিবাদীদের’ অনুমতির প্রয়োজন হবে। ইরান সাধারণত ‘ইহুদিবাদী’ শব্দটি দিয়ে ইসরায়েলকে বোঝায়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায় বলে দাবি করে তেহরান। এরপর টানা ৪০ দিন দুই পক্ষের মধ্যে সংঘাত চলে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে জুলাইয়ের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও তা পরে কার্যকর থাকেনি বলে জানানো হয়।
এরপর যুক্তরাষ্ট্র ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালায় বলে ইরান দাবি করে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায়।
তবে গত দুই দিন ধরে যুক্তরাষ্ট্রের হামলার মাত্রা কমেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলা ঠেকাতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার আশঙ্কায় ওয়াশিংটন আপাতত বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে। সূত্র: আলজাজিরা
ভোরের আকাশ/সু.পা