ওমান উপকূলে হামলায় ভারতীয় জাহাজ ডুবি : নয়াদিল্লির নিন্দা

ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে “অগ্রহণযোগ্য” বলে আখ্যা দিয়েছে। বুধবার (১৩ মে) হামলার পর সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, হামলার শিকার কার্গো জাহাজটি পরে ডুবে গেছে। তবে হামলার জন্য কাকে দায়ী করা হচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মন্ত্রণালয় আরও জানায়, জাহাজে থাকা সব ভারতীয় নাবিক নিরাপদে আছেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা করায় ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ভারত।
সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ছিল ‘এমএসভি হাজি আলী’। জাহাজটিতে ১৪ জন নাবিক ছিলেন। ওমানের লিমাহ উপকূলের কাছে, হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে সেটি ডুবে যায়।
ভ্যানগার্ডের দাবি, সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডের বেরবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহে গবাদিপশু পরিবহন করছিল জাহাজটি। পথে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, বিস্ফোরণের পর নাবিকরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন। পরে জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বে পরিবাহিত মোট তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে যায়।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে। হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের অস্থিরতার প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়ছে। বিশেষ করে জ্বালানি আমদানিনির্ভর দেশ হিসেবে ভারতের ওপর এর চাপ বাড়ছে।
ভারত তাদের বিবৃতিতে বলেছে, বাণিজ্যিক জাহাজে হামলা, নিরীহ নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং আন্তর্জাতিক নৌবাণিজ্যে বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে।
এদিকে বৃহস্পতিবার ব্রিকস জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছে ভারত। এতে অংশ নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়াদিল্লিতে বক্তব্য দেওয়ার সময় তিনি সরাসরি হামলার প্রসঙ্গ না তুললেও বলেন, যারা ইরানের নৌবাহিনীর সঙ্গে সহযোগিতা করবে, তাদের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে। সূত্র: এএফপি
ভোরের আকাশ/সু.পা