যুদ্ধের সময় স্টারলিংকের কার্যক্রম বন্ধ করেছিলো ইরান

সাম্প্রতিক যুদ্ধের সময় স্টারলিংকসহ কিছু নেটওয়ার্ক ও প্ল্যাটফর্মের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সেগুলোর কার্যক্রম বন্ধ রাখতে ইরান সক্ষম হয়েছিল বলে দাবি করেছেন দেশটির সুপ্রিম সাইবারস্পেস কাউন্সিলের সচিব ও ন্যাশনাল সাইবারস্পেস সেন্টারের প্রধান মোহাম্মদ আমিন আঘামিরি।
সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত এক বক্তব্যে আঘামিরি বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই সাইবার নিরাপত্তা ও বৃহত্তর নিরাপত্তার ক্ষেত্রে ইরান গুরুতর এক সংঘাতে জড়িয়ে পড়ে।
এ সময় দেশের নেটওয়ার্ক ও অবকাঠামোকে ঘিরে বিভিন্ন ধরনের তৎপরতার ওপর ইরানি কর্তৃপক্ষ ঘনিষ্ঠ নজরদারি চালায়।
তিনি বলেন, অতীতের বিভিন্ন সংকটের সময়ও পশ্চিমা সংবাদমাধ্যম ইরানের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। একই সময়ে ইসরায়েল স্টারলিংক ব্যবহার করে ইরানের মধ্যে ভয় ও চাপ তৈরি এবং দেশটিকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে বাধ্য করার চেষ্টা করেছিল বলে দাবি করেন তিনি।
তবে আঘামিরি বলেন, এসব প্রচেষ্টাকে ঘিরে করা কিছু দাবি প্রযুক্তিগত বাস্তবতার বিচারে নিছক অনুমাননির্ভর ছিল। তার ভাষ্য, ইরানি কর্তৃপক্ষ এ ধরনের তৎপরতা ও এর সঙ্গে সংশ্লিষ্ট পদক্ষেপগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিল।
ইরানের সাইবারস্পেস সেন্টারের প্রধান আরও দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধের সময় স্টারলিংকসহ কিছু নেটওয়ার্ক ও প্ল্যাটফর্মের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল ইরান। একই সঙ্গে এসব নেটওয়ার্ক ও প্ল্যাটফর্মের কার্যক্রম অব্যাহত রাখা ঠেকানো হয়েছিল বলেও জানান তিনি।
নতুন কোনো প্রযুক্তি বা সরঞ্জাম ব্যবহার করে ইরানের নেটওয়ার্ক কিংবা সামরিক অবকাঠামোয় হামলার চেষ্টা হলে জবাব দেওয়ার জন্য দেশটি প্রযুক্তিগত ও কার্যগতভাবে প্রস্তুত রয়েছে বলেও জানান আঘামিরি।
তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব পর্যায়েই ইরানের প্রস্তুতি রয়েছে এবং দেশের প্রশাসনিক ও পরিচালনাগত প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি
ভোরের আকাশ/এম