হামাসকে পূর্ণ নিরস্ত্রীকরণের পরই গাজা ছাড়বে ইসরায়েলি সেনা : বোর্ড অব পিস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠিত মার্কিন নেতৃত্বাধীন বোর্ড অব পিস জানিয়েছে, হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ সম্পন্ন হওয়ার পরই গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ডটির পরিচালক নিকোলাই ম্লাদেনভ ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরস্ত্রীকরণ-সংক্রান্ত চুক্তির ঘোষণা দেন। তবে চুক্তিটি প্রকাশের পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। এরই মধ্যে সোমবার পশ্চিম জেরুজালেমে ম্লাদেনভ ও নেতানিয়াহুর বৈঠক অনুষ্ঠিত হয়।
গাজার যুদ্ধ-পরবর্তী প্রশাসনিক তদারকির জন্য চলতি বছরের জানুয়ারিতে বোর্ড অব পিস গঠন করা হয়। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “ভুল তথ্যের বিপরীতে আমরা স্পষ্ট করে বলতে চাই, মধ্যস্থতাকারীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণ সম্পূর্ণ হওয়ার পরই কেবল ‘ইয়েলো লাইন’-এর ওপারে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে। এই শর্ত হালকা অস্ত্র, ভারী অস্ত্র এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গ—সব ক্ষেত্রেই প্রযোজ্য।”
বোর্ড অব পিস আরও জানায়, তাদের লক্ষ্য হলো গাজা উপত্যকাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা এবং সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে বেসামরিক প্রশাসনের অধীনে নিয়ে আসা।
‘ইয়েলো লাইন’ বলতে সেই সীমারেখাকে বোঝানো হচ্ছে, যার পেছনে বর্তমানে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অবস্থান রয়েছে। অন্যদিকে হামাস জানিয়েছে, ইসরায়েল চুক্তির নিজস্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে তারাও চুক্তি কার্যকর করবে না।
এদিকে, আলোচনার সময় নিকোলাই ম্লাদেনভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতির একটি চুক্তি হলেও ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রাখে। ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী, ওই চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে নিরস্ত্রীকরণ চুক্তির ঘোষণা দেওয়ার পরই অন্তত ৩৬ জন নিহত হন।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৈঠকের আগে নেতানিয়াহুর কার্যালয় জানায়, প্রকাশিত চুক্তির সংস্করণটি ইসরায়েলের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না। এ বিষয়ে তাদের উদ্বেগ যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।
এদিকে, নেতানিয়াহুর জোট সরকারের কট্টর ডানপন্থী নেতারাও চুক্তি নিয়ে আপত্তি তুলেছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, “প্রকাশিত চুক্তিটি ইসরায়েলি সরকারের অনুমোদিত খসড়ার সঙ্গে পুরোপুরি ভিন্ন।” তিনি বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় নতুন করে ভোটের দাবি জানিয়েছেন। সূত্র: আল জাজিরা
ভোরের আকাশ/সু.পা