পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি যুবকসহ ১৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাক জেলার দর্শখেল এলাকায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতের সেনা অভিযানে ১৭ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি যুবকও রয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত বাংলাদেশির কাছ থেকে পরিচয়পত্র, নগদ টাকা ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী পাওয়া গেছে, যা তার জাতীয়তা নিশ্চিত করেছে। আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলে বাংলাদেশিসহ বিদেশিদের উপস্থিতি নতুন করে নজরে এসেছে।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, অভিযানটি নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (টিটিপি) সদস্যদের বিরুদ্ধে চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি দুইদিনব্যাপী অনুষ্ঠিত হয়। স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) এবং কাউন্টার টেররিজম বিভাগ (সিটিডি) যৌথভাবে টিটিপি সদস্যদের পাহাড়ি এলাকায় ঘিরে ফেলে। অভিযানের শেষে ১৭ জন নিহত ও ১০ জন আহত হন। নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হন।
স্থানীয় সূত্র জানিয়েছে, আগেও সন্ত্রাসবিরোধী অভিযানে ২-৩ বাংলাদেশি নিহত হয়েছেন। তারা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাত দেখিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিল এবং পরে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত হয়।
সূত্র: সামা টিভি
ভোরের আকাশ // হ.র