গাজায় সহিংসতা নিয়ে পোপ লিও চতুর্দশের কঠোর বার্তা, যুদ্ধবিরতির আহ্বান

গাজায় ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান সহিংসতা এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও চতুর্দশ। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘বর্বরতা’ আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
রোববার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে পোপ বলেন, “আমি গাজায় সংঘটিত চলমান সহিংসতা গভীর দুঃখের সঙ্গে পর্যবেক্ষণ করছি। ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান একটি মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে।”
বিশেষভাবে গাজার হলি ফ্যামিলি ক্যাথলিক চার্চে সাম্প্রতিক গোলাবর্ষণের ঘটনায় শোক প্রকাশ করে তিনি জানান, ওই হামলায় তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন গির্জার পুরোহিতও রয়েছেন। গোলাবর্ষণে গির্জা কমপ্লেক্সের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, যেখানে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।
পোপ তার বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার আইন মান্য করতে হবে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সমষ্টিগত শাস্তি, নির্বিচার শক্তি প্রয়োগ এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি—এসব মানবিক নীতিবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়াতে হবে।”
ইতোমধ্যে গাজায় যুদ্ধ ২১তম মাসে প্রবেশ করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৮ হাজার ৮০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪১ হাজার মানুষ। অব্যাহত অবরোধ ও সংঘাতের কারণে গাজায় মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে।
তথ্যসূত্র: শাফাক নিউজ
ভোরের আকাশ//হ.র