ইরানের পিকঅ্যাক্সে হামলার ইঙ্গিত ট্রাম্পের

ইরানের রহস্যময় পিকঅ্যাক্সে পাহাড়সহ দেশটির আরও এক বা দুটি পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতার বেশির ভাগই ধ্বংস করা হয়েছে।
এখনো এক বা দুটি স্থাপনা বাকি রয়েছে, যেগুলোতে হামলা চালানো হতে পারে। এসব স্থাপনা ধ্বংস করতে মাত্র ১০ মিনিট সময় লাগবে বলেও মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের পারমাণবিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়েছি। তবে এখনো আমার মনে হয়, এক বা দুটি স্থাপনা দেখার (হামলা চালানোর) বাকি রয়েছে। তবে আমরা এটি মাত্র ১০ মিনিটে করতে পারব।’
পিকঅ্যাক্সে পাহাড়ের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘আপনারা পিকঅ্যাক্সে পাহাড়ের দিকে তাকাতে পারেন। আমাদের ওই পাহাড়টি নিয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা খুব দ্রুতই তা করতে পারব।’
পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, ইরান পিকঅ্যাক্সে পাহাড়ের নিচে থাকা গোপন স্থাপনায় পারমাণবিক উপকরণ সংরক্ষণ করেছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্র গত দুই বছরে ইরানে দুই দফা হামলা চালালেও পিকঅ্যাক্সে পাহাড়কে লক্ষ্যবস্তু করেনি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ট্রাম্পকে ওই পাহাড়ে হামলা চালানোর পরামর্শ দিয়ে আসছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল
ভোরের আকাশ/সু.পা