৩২তমবার এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন নেপালের শেরপা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ৩২তমবার আরোহণ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন নেপালের খ্যাতিমান শেরপা গাইড কামি রিতা শেরপা। রোববার (১৭ মে) এভারেস্টের চূড়ায় পৌঁছে তিনি নিজের আগের রেকর্ডও ভেঙেছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৫৬ বছর বয়সী কামি রিতা স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্ট শৃঙ্গে পৌঁছান। তিনি ‘১৪ পিকস এক্সপেডিশন’ প্রতিষ্ঠানের হয়ে বিদেশি পর্বতারোহীদের গাইড হিসেবে অভিযানে অংশ নিয়েছিলেন।
নেপালের পর্যটন বিভাগ এক বিবৃতিতে তাকে অভিনন্দন জানিয়ে এই অর্জনকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে দেশটির পর্যটন শিল্পে তার গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করা হয়।
কামি রিতা শেরপার জন্ম সোলুখুম্বু জেলার থামে গ্রামে। এই গ্রামেই জন্ম হয়েছিল কিংবদন্তি পর্বতারোহী তেনজিং নোরগের, যিনি ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারির সঙ্গে প্রথমবারের মতো এভারেস্ট জয় করেছিলেন।
কামি রিতা প্রথম এভারেস্টে আরোহণ করেন ১৯৯৪ সালে। এরপর ২০১৪, ২০১৫ ও ২০২০ সাল ছাড়া প্রায় প্রতি বছরই তিনি এভারেস্ট জয় করেছেন। কয়েকটি বছরে তিনি দুইবার করেও শৃঙ্গে উঠেছেন।
শেরপা নন—এমন পর্বতারোহীদের মধ্যে সবচেয়ে বেশি ১৯ বার এভারেস্ট জয়ের রেকর্ড রয়েছে ব্রিটিশ গাইড কেনটন কুলের। এছাড়া মার্কিন পর্বতারোহী ডেভ হান ও গ্যারেট ম্যাডিসন ১৫ বার করে এভারেস্ট জয় করেছেন। কেনটন কুল ও গ্যারেট ম্যাডিসন বর্তমানে আবারও এভারেস্ট অভিযানে রয়েছেন।
বিদেশি পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করাই সোলুখুম্বু অঞ্চলের অনেক শেরপা পরিবারের প্রধান আয়ের উৎস। চলতি মার্চ-মে মৌসুমে এভারেস্ট আরোহণের জন্য ৪৯২টি অনুমতি দিয়েছে নেপাল সরকার। তবে এ মাসেই এভারেস্ট অভিযানে তিন নেপালি পর্বতারোহীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।
ভোরের আকাশ/সু.পা