শ্রমিক আন্দোলন: ৩১৮৫ কোটি টাকার অর্ডার হাতছাড়া বাংলাদেশের

শ্রম অসন্তোষ, জ্বালানি সংকট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলার (প্রায় ৩,১৮৫ কোটি টাকা) মূল্যের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো, যার একটি বড় অংশ চলে গেছে প্রতিবেশী দেশ ভারতে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এবং বিজিএমইএ-এর সাম্প্রতিক জরিপে এই তথ্য উঠে এসেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সংবাদমাধ্যমটিকে কারখানা মালিকেরা বলেছেন, ‘শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত এবং ব্যয় বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় যে সুবিধাজনক অবস্থানে ছিল, তা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনজন কারখানা মালিকের তথ্যমতে, নভেম্বরের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ১৮৫ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা) অর্ডার সরে গেছে, যার বড় অংশই চলে গেছে ভারতে।
পোশাক শিল্পের নেতারা জানিয়েছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের ‘কম খরচে পোশাক উৎপাদনের’ সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। মূলত এই সুবিধার কারণেই চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের কারণে এখন পর্যন্ত উৎপাদনে ৪০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশই আসে এই তৈরি পোশাক খাত থেকে। উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানের উৎস পোশাকশিল্প।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শ্রমিক অসন্তোষের কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। ভারতের পাশাপাশি বিদেশি ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছে। সরবরাহ ব্যবস্থায় (সাপ্লাই চেইন) যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই তারা বিকল্প বাজার বেছে নিচ্ছে।
বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নেওয়ার বিষয়ে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এ ছাড়া এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম এবং সেলিও-ও কোনো জবাব দেয়নি।
বিজিএমইএ-এর অন্যতম পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী রয়টার্সকে বলেন, উচ্চ মজুরি, পরিষেবা ব্যয় ও কাঁচামালের খরচ উৎপাদনকারীদের ওপর চাপ বাড়াচ্ছে। এমন এক সময়ে মজুরি বৃদ্ধির ফলে খরচ বেড়েছে, যখন ক্রেতারা কম দাম চাইছে এবং প্রতিদ্বন্দ্বী উৎস দেশগুলো থেকে প্রতিযোগিতা তীব্র হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের প্রায় ৫ শতাংশ বেড়েছে। সম্ভাব্য সুবিধাভোগী হিসেবে বিবেচিত অন্য কোম্পানিগুলোর মধ্যে ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বেড়েছে।
ভোরের আকাশ/আ.র