ইরান আলোচনাকে হালকাভাবে না নেওয়ার আহ্বান পুতিনের

ইরান নিয়ে আলোচনাকে কোনোভাবেই অবমূল্যায়ন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। সোমবার সেন্ট পিটার্সবার্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে বর্তমান পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে এই আলোচনার গুরুত্ব কোনোভাবেই কম করে দেখা উচিত নয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় মস্কোর সমর্থন নিতে আরাগচি সোমবার ভোরে রাশিয়ায় পৌঁছান। এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেন, ফলে পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যায়।
আরাগচি এর আগে মধ্যস্থতাকারী দেশ ওমান সফর করেন, যেখানে তিনি জানান, হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল নিশ্চিত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে, যা প্রতিবেশী দেশগুলো এবং বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইসলামাবাদ সফরও ফলপ্রসূ হয়েছে এবং সেখানে তিনি ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের একটি কার্যকর রূপরেখা তুলে ধরেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র কূটনীতির বিষয়ে কতটা আন্তরিক, সেটিই এখন দেখার বিষয়। তার এই মন্তব্যের পরই ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে শান্তি আলোচনার লক্ষ্যে নির্ধারিত সফর বাতিল করে।
২২ এপ্রিল থেকে শেষ হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও অনড় রয়েছে। অন্যদিকে লেবাননে নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরায়েলি হামলায় দুই শিশু ও দুই নারীসহ ১৪ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় তাদের ১৯ বছর বয়সী এক সেনাসদস্য নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
ভোরের আকাশ/সু.পা