পাকিস্তানের হামলায় আফগানিস্তানে ৪ বেসামরিক নিহত

আফগানিস্তানের তিনটি প্রদেশে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির তালেবান সরকার। এই ঘটনার পর দুই দেশের সীমান্ত পরিস্থিতি তীব্র উত্তপ্ত হয়ে উঠেছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, বুধবার আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে পাঠানো কয়েকটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর বৃহস্পতিবার আফগানিস্তানে ড্রোন সংরক্ষণ ও উৎক্ষেপণে ব্যবহৃত ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালানো হয়।
তার দাবি, এসব হামলা নির্দিষ্ট সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে। পাকিস্তান আফগানিস্তানের তালেবান সরকারকে সতর্ক করে বলেছে, ভবিষ্যতে কোনো উসকানিমূলক কর্মকাণ্ড হলে তার ‘দৃঢ় ও কঠোর’ জবাব দেওয়া হবে।
তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ড্রোন হামলা আফগান সরকার চালায়নি।
তালেবান জানায়, বৃহস্পতিবার পাকিস্তানের বিমান হামলা কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে চালানো হয়েছে। এ হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
সীমান্তে জঙ্গি তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান পাকিস্তানে হামলা চালানো ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।
গত সপ্তাহে উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ স্থাপনায় হামলায় অন্তত ২৪ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত বেড়েছে। এর আগে প্রায় তিন মাস পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল।
চলতি সপ্তাহের শুরুতেও পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় বিমান হামলা চালানোর কথা জানিয়েছিল পাকিস্তান। দেশটির দাবি, ওই হামলায় ২৮ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। তবে আফগান তালেবান কর্মকর্তারা পাল্টা অভিযোগ করে বলেছিলেন, ওই হামলায় আফগান ভূখণ্ডে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
গত মার্চে দুই দেশের মধ্যে চলতি উত্তেজনায় সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা ঘটে। সে সময় কাবুলে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জনের বেশি নিহত হওয়ার দাবি করে আফগান তালেবান। তাদের অভিযোগ ছিল, হামলায় একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্র আক্রান্ত হয়। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে জানায়, তারা সামরিক স্থাপনা ও সন্ত্রাসীদের সহায়তাকারী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ভোরের আকাশ/আ.র