একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নীতিমালা অনুযায়ী প্রথমে ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সরকারি ছুটি থাকায় তা পুনর্নির্ধারণ করে একদিন পিছিয়ে দেওয়া হয়।
প্রথম ধাপে নির্বাচিত ও চূড়ান্ত ভর্তি সম্পন্ন করা ৯ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষার্থী আজ থেকে তাদের নতুন কলেজে নিয়মিত পাঠদানে অংশ নিচ্ছেন।
এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু আগামী ২৩ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এক দিনের ছুটির কারণে ক্লাস শুরুর তারিখ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পুনর্নির্ধারণ করা হলো।
গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম ধাপের ভর্তির ফলাফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র