বিজয়কে মোদির অভিনন্দন, শপথ মঞ্চে রাহুল গান্ধী

ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন বার্তা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শপথ মঞ্চে উপস্থিতি।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় তিনি বিজয়কে শুভেচ্ছা জানান। বার্তায় মোদি বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি জোসেফ বিজয়কে অভিনন্দন। তার আগামী মেয়াদের জন্য শুভকামনা রইল। একই সঙ্গে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, মানুষের জীবনমান উন্নয়নে দুই সরকার একসঙ্গে কাজ করবে।
অন্যদিকে, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ অনুষ্ঠানের আগে বিজয় ও রাহুল গান্ধীকে একসঙ্গে দেখা যায়, যা রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দেয়।
শপথ গ্রহণের পর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিজয়, রাহুল গান্ধী, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে গ্রুপ ছবি তোলেন। রাহুল গান্ধীর এই উপস্থিতি এবং মোদির শুভেচ্ছা বার্তা—দুই ঘটনাই রাজনৈতিক মহলে নতুন করে কৌতূহল তৈরি করেছে।
ভোরের আকাশ/সু.পা