ইসরায়েলি বিক্ষোভকারীদের সমালোচনায় নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে দেশজুড়ে চলমান বিক্ষোভের তীব্র সমালোচনা করেছেন। রোববার (১৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, এসব বিক্ষোভ হামাসের অবস্থানকে আরও শক্তিশালী করছে।
নেতানিয়াহু বলেন, “যারা আজ যুদ্ধ বন্ধের দাবি তুলছেন, তারা আসলে হামাসকে পরাজিত হওয়ার হাত থেকে রক্ষা করছেন। তারা জিম্মিদের মুক্তির দাবি করছেন না; বরং ৭ অক্টোবরের ভয়াবহতাকে আবারও ফিরে আসার পথ করে দিচ্ছেন।”
গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। শুধু রোববার রাতেই রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় নামেন। ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ জানায়, দেশজুড়ে এক মিলিয়নেরও বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন।
জিম্মিদের পরিবারের সদস্যরা মিছিলের নেতৃত্ব দেন এবং সরকারের কাছে জিম্মিদের মুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তেল আবিবে লিকুদ পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে পুলিশ জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্তত ৩০ জনকে আটক করা হয়। এছাড়া আয়ালন হাইওয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
বিক্ষোভ এমন এক সময়ে হচ্ছে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন করেছে। কর্মকর্তাদের দাবি, এই পদক্ষেপ হামাসকে দুর্বল করার জন্য জরুরি। তবে সমালোচকদের মতে, এতে জিম্মিদের মুক্তি আরও জটিল হয়ে পড়তে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত ১৪৮ জন মুক্তি পেয়েছেন। এখনও প্রায় ৫০ জন গাজায় আটক আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, তাদের অন্তত অর্ধেক আর জীবিত নেই।
তথ্যসূত্র : এএফপি, শাফাক নিউজ
ভোরের আকাশ//হ.র