যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়া নিয়ে উত্তর কোরিয়ার কড়া হুঁশিয়ারি

চলতি সপ্তাহে বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। দুই দেশের এই মহড়াকে সামনে রেখে কড়া হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। এর জবাবে ‘নতুন স্তরের প্রতিরোধ ব্যবস্থা’ গ্রহণের ঘোষণা দিয়েছে দেশটি। শুক্রবার (১৪ আগস্ট) দক্ষিণ কোরিয়ার প্রধান সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী সোমবার থেকে ২৭ আগস্ট পর্যন্ত বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড (ইউএফএস) মহড়া পরিচালনা করবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। মহড়া শুরুর আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে পিয়ংইয়ংয়ের অবস্থান তুলে ধরেন।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, উত্তর কোরিয়ার দাবি, যুক্তরাষ্ট্র এবারের বার্ষিক মহড়াকে গত পাঁচ বছরের মহড়ার তুলনায় ‘বেশ ভিন্ন’ হিসেবে বর্ণনা করেছে। ওয়াশিংটন মহড়াটিকে আধুনিক যুদ্ধকৌশল আয়ত্ত করার প্রচেষ্টা হিসেবে তুলে ধরেছে।
উত্তর কোরিয়ার বিবৃতিতে বলা হয়েছে, এসব পদক্ষেপের মাধ্যমে দেশটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক সংঘাতের প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে। নতুন মাত্রার হুমকির জবাবে নতুন মাত্রার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করাই তাদের নিরাপত্তানীতি।
বিবৃতিতে আরও বলা হয়, পিয়ংইয়ং সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি দিয়ে বহিরাগতদের বৈরী কর্মকাণ্ড ব্যর্থ করতে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সম্পূর্ণভাবে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ।
উত্তর কোরিয়া আরও জানিয়েছে, শত্রু রাষ্ট্রগুলোর সৃষ্ট গুরুতর সংঘাতপূর্ণ পরিস্থিতি দেশটি মেনে নেবে না। বৈধ আত্মরক্ষার অধিকারের বিষয়ে তারা দায়িত্বশীল এবং এই অধিকার দৃঢ়ভাবে প্রয়োগের মাধ্যমে যেকোনো হুমকি ও প্রতিবন্ধকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে আখ্যায়িত করে একে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে। এরই মধ্যে মহড়ার জবাবে নিজেদের অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
বুধবার (১২ আগস্ট) ও বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশটি পূর্ব সাগরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বার্ষিক এই মহড়া নিয়ে চলতি বছর পিয়ংইয়ংয়ের এটিই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এ ধরনের যৌথ সামরিক মহড়ার বিষয়ে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই তীব্র আপত্তি ও সমালোচনা জানিয়ে আসছে।
ভোরের আকাশ/সু.পা