১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর ঘিরে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরকে কেন্দ্র করে চলছে নানা প্রস্তুতিমূলক কর্মকাণ্ড। কিশোরগঞ্জবাসীর জন্য এ সফরকে ঐতিহাসিক হিসেবে দেখছেন স্থানীয়রা। সফরকালে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুটি গুরুত্বপূর্ণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের কয়েকটি দাবিও বাস্তবায়নের পথে এগোবে বলে আশা করা হচ্ছে।
আগামী ১৬ আগস্ট (রোববার) কিশোরগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার কথা রয়েছে তাঁর।
পরে তিনি কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি পরিদর্শন করবেন। এরপর আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে সারা দেশের ১৮ জন শ্রেষ্ঠ মৎস্য উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।
বিকেলে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এ ছাড়া সফর উপলক্ষে শহরের নতুন স্টেডিয়ামে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মকাণ্ড চলছে। সফরের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
তিনি জানান, সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ছাড়াও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
ভোরের আকাশ/সু.পা