ইরান দ্বিতীয় দফার আলোচনায় রাজি নেই

ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় এখনই অংশ নিতে রাজি হয়নি তেহরান। একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ আলোচনার কোনো নির্দিষ্ট তারিখও এখনো ঠিক হয়নি বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
সূত্রের দাবি অনুযায়ী, বার্তা আদান-প্রদানের সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত কিছু শর্ত দিয়েছে বলে মনে করছে ইরান। এসব দাবি প্রত্যাহার না হলে আলোচনায় অগ্রসর হওয়া সম্ভব নয়—এমন অবস্থান নিয়েছে তেহরান।
ইরান পাকিস্তানের এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনের কাছে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্রটি বলেছে, “আমরা পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে আমেরিকান পক্ষকে জানিয়েছি যে, আমরা দ্বিতীয় দফার আলোচনায় রাজি নই।” ইরানের অবস্থান অনুযায়ী, দীর্ঘ সময় ধরে কোনো ফলহীন আলোচনা চালিয়ে যেতে চায় না তেহরান।
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেন, দুই পক্ষ একটি অভিন্ন কাঠামোতে একমত না হলে কোনো আলোচনা শুরু করা সম্ভব নয়। তিনি আরও বলেন, “কাঠামো নির্ধারিত না হলে কোনো তারিখও ঠিক করা যাবে না।”
খতিবজাদেহ জোর দিয়ে বলেন, যেকোনো আলোচনায় ইরানের অধিকার অবশ্যই আন্তর্জাতিক আইনের আওতায় সংরক্ষিত থাকতে হবে। তিনি আরও বলেন, ইরান নিজের অধিকার বিসর্জন দেওয়া বা আন্তর্জাতিক আইনের বাইরে কোনো শর্ত মেনে নেবে না।
ভোরের আকাশ/সু.পা