মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা: জাতিসংঘে কাতারের প্রতিবাদপত্র

দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে কাতার। মঙ্গলবার (২৪ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে কাতার এই হামলাকে “চরম বিপজ্জনক উসকানি” এবং দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।
এতে আরও বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কর্তৃক চালানো এই হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য গভীর হুমকি। পাশাপাশি কাতার আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আলোকে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এই ঘটনার পর কাতারে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দোহা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং এই হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটি টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে আল-উদেইদ ঘাঁটিতে হামলার প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।
এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানান, কাতারের আমির ইরানের প্রেসিডেন্টকে বলেন, তার দেশ সর্বদা ভালো প্রতিবেশী ও সুসম্পর্কের নীতি অনুসরণ করে। তবে তিনি ইরানের কাছ থেকে এমন “শত্রুতাপূর্ণ আচরণ” প্রত্যাশা করেননি।
তিনি আরও জানান, কাতারের পক্ষ থেকে আলোচনায় স্পষ্ট করে দেওয়া হয়, এই ঘটনার কূটনৈতিক ও আইনি প্রতিক্রিয়া বিবেচনা করা হচ্ছে। তবে বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে এনে অতীত হিসেবে পেছনে ফেলতে দুই দেশকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
সূত্র: আল-জাজিরা, বিবিসি
ভোরের আকাশ//হ.র