সংকট মোকাবিলায় রপ্তানি বন্ধ করল ইরান

ইরান আগামী ৩০ মে পর্যন্ত নিজেদের পণ্য স্টিল স্ল্যাব ও শিট রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৭ এপ্রিল) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের এক নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে দেশের স্টিল শিল্পে চাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় অস্থায়ীভাবে স্টিল স্ল্যাব ও শিট রপ্তানি স্থগিত রাখা হচ্ছে।
এর আগে ইরানের স্টিল উৎপাদকদের সংগঠনের এক কর্মকর্তা জানান, জরুরি ভিত্তিতে স্টিল স্ল্যাব ও হট-রোলড শিট আমদানির পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আগামী দুই মাস কাঁচামালের চাহিদা সতর্কভাবে ব্যবস্থাপনার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ইরান-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সভাপতিত্বে মঙ্গলবার (২৮ এপ্রিল) ‘কোবরা’ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়, এই বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ডের প্রতিনিধিরাও অংশ নেবেন। চলমান সংকটে কর্মজীবী মানুষের স্বার্থ রক্ষায় করণীয় নির্ধারণই বৈঠকের মূল উদ্দেশ্য।
অন্যদিকে, পাকিস্তান ও ওমান সফর শেষে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, অতিরিক্ত দাবির কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।
তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ফারসি সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে পৌঁছে তিনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে রুশ মিত্রদের সঙ্গে আলোচনা করার কথা জানান। তিনি আরও বলেন, কোন শর্তে আলোচনা অব্যাহত রাখা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
এ সময় তিনি হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক ইস্যু। এ বিষয়ে ওমানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
ভোরের আকাশ/সু.পা