নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের

ইরান তাদের অন্যতম বৃহৎ স্বর্ণখনিতে বিশাল নতুন স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে।ইরানের অন্যতম বৃহৎ স্বর্ণ খনি শাদানে নতুন করে বিশাল সোনার মজুদ শনাক্ত হয়েছে। দক্ষিণ খোরাসান প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত ব্যক্তিমালিকানাধীন এই খনিতে নতুন মজুদের তথ্য নিশ্চিত করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
রবিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, শাদান সোনার খনিতে একটি বড় স্বর্ণশিরা আবিষ্কৃত হওয়ায় খনিটির প্রমাণিত মজুদের পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে শাদান খনিকে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ খনি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন এই মজুদ প্রায় ৬১ মিলিয়ন টন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৭ দশমিক ৯৫ মিলিয়ন টন অক্সাইড সোনার আকরিক এবং ৫৩ দশমিক ১ মিলিয়ন টন সালফাইড সোনার আকরিক রয়েছে বলে অনুমান করা হচ্ছে।
ইরানে বর্তমানে মোট ১৫টি স্বর্ণ খনি রয়েছে। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের জারশুরান খনি সবচেয়ে বড়। তবে দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে জাতীয় সোনার মোট মজুদের পরিমাণ প্রকাশ করেনি। তবু সাম্প্রতিক বছরগুলোতে ইরানের স্বর্ণ ক্রয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা যায়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনার প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদরেজা ফারজিন জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের শীর্ষ পাঁচ স্বর্ণ ক্রয়কারী ব্যাংকের তালিকায় উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের আরেক কর্মকর্তা ইয়েকতা আশরাফি স্থানীয় গণমাধ্যমকে বলেন, নতুন সোনার মজুদ ও কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয়ের প্রবৃদ্ধি আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/তা.কা