হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবি

কৌশলগত হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে সামুদ্রিক মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাঙ্কার ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
রোববার (১৫ নভেম্বর) বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় জাহাজটি ডুবে যায়, তবে স্বাধীন কোনো সূত্র থেকে এখনো এই ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি
আইআরজিসি বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক করিডোর দিয়ে যাওয়ার সময় যে দুটি জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, এটি ছিল তার একটি। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে সুপারট্যাঙ্কারডুবির তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আসছে এবং জোর দিয়ে বলেছে, জাহাজগুলোকে কেবল ইসলামিক প্রজাতন্ত্রের অনুমোদিত রুটই ব্যবহার করতে হবে।
অনুমতি ছাড়া এই রুট দিয়ে চলাচলকারী জাহাজকে প্রায়ই লক্ষ্যবস্তু করে আসছে তেহরান। এর জবাবে ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে এবং ট্যাঙ্কারগুলোকে নিরাপদে প্রণালি পার হতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা এই জলপথের মূল রুটগুলো থেকে সমস্ত মাইন পরিষ্কার করে ফেলেছে।
রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, গত কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে অননুমোদিত রুট দিয়ে চলাচলকারী দুটি তেল ট্যাঙ্কার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়; যার ফলে বিশাল বিস্ফোরণ ঘটে এবং ট্যাঙ্কারে আগুন ধরে যায়।
বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্যে একটি জাহাজ—যা দুই মিলিয়নেরও বেশি ব্যারেল কাঁচা তেল বহনকারী একটি সুপারট্যাঙ্কার; পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলে ডুবে গেছে।
তবে ট্যাঙ্কারগুলোর নাম বা সেগুলো কোন দেশের, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানায়নি আইআরজিসি।
গত কয়েক সপ্তাহে তেহরান একাধিকবার প্রণালিতে জাহাজগুলোতে অগ্নিকাণ্ড এবং মাইন বিস্ফোরণের দাবি করেছে।
ওই অঞ্চলে মার্কিন সামরিক অপারেশন পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড জলপথ পারাপারকারী জাহাজগুলোকে সহায়তা করছে। গত মাসে সেন্ট্রাল কমান্ড বলেছিল, তারা গ্রীষ্মকাল থেকে হরমুজের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোকে ১.৫ বিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করতে সহায়তা করেছে।
ব্রিটিশ মেরিটাইম মনিটর বলেছে, উপসাগরে একটি ট্যাঙ্কারে হামলার বিষয়ে ভারতীয় শিপিং কর্তৃপক্ষের একটি প্রতিবেদন সম্পর্কে তারা অবগত রয়েছে। তবে ইরানের গার্ডস যে ঘটনার কথা জানিয়েছে এটি সেই একই ঘটনা কি না, তা এখনো স্পষ্ট নয়।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স কেন্দ্র বলেছে, ক্ষয়ক্ষতি ও পরিবেশগত প্রভাব কেমন হতে পারে তা এখনও জানা যায়নি। তবে জাহাজের নাবিকরা নিরাপদে রয়েছেন।
ভোরের আকাশ/আ.র