নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

চাল, ডাল, চিনি, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং, আমদানি শুল্ক ও কর কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। আজ রবিবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী সরকারের এসব পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী।
মন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে।
পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমদানি শুল্ক ও কর কমানোর পাশাপাশি আমদানি প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া পণ্যের উৎপাদন, আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, পাশাপাশি টিসিবির ডিলারশিপ কার্যক্রমের আওতায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রয়েছে।
বাজারে অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুতদারি ও বাজার কারসাজি প্রতিরোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
ভোরের আকাশ/এনএস