আর্জেন্টিনার সরকারের মন্ত্রিপরিষদ প্রধানের পদত্যাগ

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের মন্ত্রিপরিষদ প্রধান মানুয়েল আদোর্নি সাম্প্রতিক এক কেলেঙ্কারির জেরে শনিবার (২৭ জুন) পদত্যাগ করেছেন। ওই কেলেঙ্কারির কারণে সাম্প্রতিক বছরগুলোতে তার ব্যয় নিয়ে তদন্ত শুরু হয়েছে।
গত বছরের নভেম্বরে মন্ত্রিপরিষদ প্রধান হিসেবে নিয়োগ পাওয়া আদোর্নি মিলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০২৩ সালের শেষদিকে ক্ষমতায় আসার পর মিলে প্রথমে তাকে নিজের মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
আদোর্নির বিরুদ্ধে অভিযোগ, তার আয় ও ব্যয়ের মধ্যে অসঙ্গতি রয়েছে, যা অবৈধ সম্পদ অর্জনের সন্দেহ তৈরি করেছে। পরিবারকে সঙ্গে নিয়ে তার একাধিক ব্যক্তিগত বিদেশ সফরও সমালোচনার জন্ম দেয়। এর মধ্যে ছিল বড়দিনের ছুটিতে আরুবায় ফার্স্ট-ক্লাস ভ্রমণ এবং কার্নিভাল মৌসুমে ব্যক্তিগত জেটে উরুগুয়ে সফর।
তবে আদোর্নির দাবি, তিনি সরকারি দায়িত্ব নেয়ার আগেই নিজের সম্পদ গড়ে তুলেছিলেন এবং পরিবারের সঙ্গে করা সব ভ্রমণের খরচ ব্যক্তিগত অর্থ থেকেই বহন করেছেন।
যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা পদত্যাগপত্রে আদোর্নি লেখেন, ১০ ডিসেম্বর ২০২৩-এর পর এই প্রথম আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছি। আমি এই অধ্যায়ের সমাপ্তি টানছি। আমি শান্ত ও স্থির মনে বিদায় নিচ্ছি, আর সবচেয়ে বড় কথা, আমার বিবেক সম্পূর্ণ পরিষ্কার।
প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিলে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং মূল্যস্ফীতির তুলনায় জনগণের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে তার সরকার চাপের মুখে পড়েছে। ওপিনা আর্জেন্টিনার মে মাসের এক জরিপ অনুযায়ী, বর্তমানে ৩৯ শতাংশ ভোটারের কাছে মিলের ভাবমূর্তি ইতিবাচক। অথচ এক বছরেরও বেশি আগে তার সমর্থন ছিল ৫৩ শতাংশ।
ভোরের আকাশ/ইউএম