স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী

স্পেনের দ্রুততম গতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬৯ জন নিহত এবং আরও অনেকে আহত হওয়ার ছয় দিন পর পদত্যাগ করেছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) স্পেনের কংগ্রেসে দেওয়া ভাষণে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন অস্কার।
বিবিসি রিপোর্ট অনুযায়ী, পদত্যাগের কথা জানিয়ে অস্কার পুয়েন্তে বলেন, ‘স্পেনের মতো একটি দেশে, এক বছরের কম সময়ের মধ্যে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও একজন পরিবহনমন্ত্রী তাঁর পদে বহাল থাকতে পারেন না।’
দুর্ঘটনাটি ঘটে গত বুধবার, স্পেনের তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ থেকে সেভিলেগামী রেলপথে। সেখানে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুততম গতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়। দাঁড়িয়ে থাকা ইরিওর ট্রেনে একটি শিশুসহ ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্যদিকে রাষ্ট্রীয় রেনফের ট্রেনে যাত্রী ছিলেন ৩৯৭ জন। উরদা জায়গাটি রাজধানী মাদ্রিদের দক্ষিণে অবস্থিত।
অস্কার গত জানুয়ারির আরও একটি দুর্ঘটনার কথা উল্লেখ করেছেন। ওই রেল দুর্ঘটনায় স্পেনে ৪৬ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।
তবে গত সপ্তাহের দুর্ঘটনাটিকে আধুনিক ইউরোপের সবচেয়ে ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১৩ সালের পর স্পেনে ঘটা সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাও এটা।
এর আগে এর আগে ২০১৩ সালে স্পেনের সান্তিয়াগো দে কম্পোসতেলা শহরের কাছে এক বড় ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছিলেন।
ভোরের আকাশ/ইউএম