গাজায় মানবিক সহায়তায় ১৩ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

গাজায় খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী মানবিক সংস্থাগুলোর জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি)।
ডিএফএটির এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন মানবিক করিডোর চালুর ঘোষণা উপলক্ষে এই অর্থায়ন করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, “আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক আদেশ অনুযায়ী, গাজায় সহায়তা পৌঁছাতে ইসরায়েল যেন পূর্ণ ও অবিলম্বে অনুমতি দেয়—এই দাবিতে অস্ট্রেলিয়া আন্তর্জাতিকভাবে আহ্বান জানিয়ে আসছে।”
তিনি আরও বলেন, “গাজায় সাধারণ জনগণের দুঃখ-কষ্ট ও অনাহার অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”
এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন একদিন আগে সিডনির হারবার ব্রিজ অতিক্রম করে কয়েক হাজার অস্ট্রেলিয়ান এক প্রতিবাদ মিছিল করেছেন। ওই মিছিলে তারা অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে গাজায় ফিলিস্তিনিদের অনাহার বন্ধ করা হয় এবং প্রয়োজনে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।
ভোরের আকাশ//হ.র