ইন্দোনেশিয়ায় অর্থমন্ত্রীর বাড়ি লুটপাট

ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুলইয়ানি ইন্দ্রাওয়াতির বাসভবনে রবিবার ভোরে দুই দফায় লুটপাটের ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতিতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ এখন আইনপ্রণেতাদের বাড়িতেও ছড়িয়ে পড়েছে।
প্রতিবেশী ড্যামিয়ানুস রুডলফের বরাতে এএফপি জানিয়েছে, প্রথম দফায় কয়েক ডজন মোটরসাইকেল ও দুই-তিনজন যাত্রী নিয়ে লুটপাটকারীরা বাড়িতে ঢুকে টেলিভিশন, সাউন্ড সিস্টেম, ড্রয়িংরুমের সাজসজ্জা, কাপড়, প্লেট-বাটি সবকিছু লুট করে নিয়ে গেছে। দ্বিতীয় দফায় প্রায় ১৫০ জন লুটপাটে অংশগ্রহণ করেছে। ঘটনার সময় শ্রী মুলইয়ানি বাড়িতে উপস্থিত ছিলেন না।
বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করা শ্রী মুলইয়ানি ইতিমধ্যেই তিনজন ভিন্ন প্রেসিডেন্টের সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রবিবার দুপুরে তার বাড়ির সামনে সেনারা পাহারা দিচ্ছিলেন এবং কিছু মালামাল ট্রাকে সরিয়ে নেওয়া হয়।
এ ছাড়া নাসডেম পার্টির এমপি আহমাদ সাহরোনি, নাফা উরবাচ ও একো হেন্দ্রো পুরনোমোর বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বিক্ষোভ জাকার্তা ছাড়িয়ে যোগইয়াকার্তা, বান্দুং, সেমারাং, সুরাবায়া এবং উত্তর সুমাত্রার মেদান শহরে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত প্রাবোও সুবিয়ানতো সরকারের জন্য এটি সবচেয়ে বড় এবং সহিংস আন্দোলন হিসেবে চিহ্নিত হয়েছে।
ভোরের আকাশ//হ.র