কাজাখস্তানে প্রবল স্রোতে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাজাখস্তানের কাস্পিয়ান সাগরে নৌবাহিনীর প্রশিক্ষণ মহড়া চলাকালীন প্রবল স্রোত ও বিশাল ঢেউয়ের তোড়ে ১৯ জন সেনাসদস্য ভেসে গেছেন, যার মধ্যে ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলের উপকূলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মোট ১৯ জন সামরিক সদস্য সাগরের পানিতে ভেসে যান। এর মধ্যে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত তিনজন সেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি সদস্যদের সন্ধানে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ করে আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ঘটনাটি ঘটে। তবে কীভাবে সেনাসদস্যরা সাগরে ভেসে গেলেন এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
দুর্ঘটনার পর নিখোঁজ সেনাসদস্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ভোরের আকাশ/আ.র