ট্রাম্পকে হত্যা করলে মিলবে ১২৩ কোটি টাকা! চাঞ্চল্যকর ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি ডলার (প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।
গত বৃহস্পতিবার সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে তারা ‘অপরাধী’ হিসেবে বিবেচনা করছে। সংগঠনের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে এই পুরস্কার বরাদ্দ করা হয়েছে। তাদের দাবি, যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী ট্রাম্পকে হত্যা করতে পারবে, তাকে এই অর্থ দেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে তারা প্রতিশোধ নেওয়াকে নিজেদের ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ বলেও উল্লেখ করেছে।
এদিকে গালফ নিউজ জানিয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রকাশ্যে বলেন, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার অভিযানে তার ভূমিকা ছিল।
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের ওই মন্তব্যের পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত আসে।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর
ভোরের আকাশ/এনএ