যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাশ্মীরি-পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। এটি ব্রিটিশ ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম ব্যক্তিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হলো। খবর জানিয়েছে জিও নিউজ।
মন্ত্রিসভার এই রদবদল আসে অ্যাঞ্জেলা রেনারের পদত্যাগের পর। স্বরাষ্ট্র দপ্তর যুক্তরাজ্যের অভিবাসন, পুলিশ ও জাতীয় নিরাপত্তা সংস্থা তত্ত্বাবধান করে।
শাবানা মাহমুদ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য সম্মানের। সরকারের প্রধান দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং আমি এই কাজে প্রতিদিন নিবেদিত থাকব।”
শাবানা মাহমুদ ১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা কাশ্মীরি-পাকিস্তানি বংশোদ্ভূত। শৈশবকাল তিনি সৌদি আরবে কাটান এবং পরে যুক্তরাজ্যে যান। অক্সফোর্ডের লিংকন কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং পরে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা লাভ করেন।
রাজনীতিতে প্রবেশ করেন ২০১০ সালে। বার্মিংহাম লেডিউড থেকে এমপি নির্বাচিত হয়ে তিনি ব্রিটিশ ইতিহাসে প্রথম মুসলিম নারী এমপিদের একজন হন। এরপর তিনি ছায়া অর্থমন্ত্রী ও কারাগারের ছায়া মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ভোরের আকাশ/হ.র