ইসরায়েলের রাজনীতিতে মোড়, ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু

ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। এতে ক্ষমতা হারানোর শঙ্কা তৈরি হয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির ভেতরেও।
আইজেনকট সরকার গঠনে সফল হলে বিরোধী দলের আসনে বসতে হতে পারে নেতানিয়াহুকে। এমনকি রাজনীতি থেকেও ছিটকে পড়ার আশঙ্কা রয়েছে তার।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে লিকুদ পার্টির আসন ২৭টি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে বিরোধী জোটের আসন ৪৮টি এবং আরব দলগুলোর আসন ১৯টি। সরকার গঠনে প্রয়োজন অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন।
আইজেনকটকে সরকার গঠনের জন্য প্রথমে ২৮ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। গত রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তার হাতে এ দায়িত্ব তুলে দেওয়া হয়। আইজেনকটের প্রচেষ্টা ঠেকাতে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন নেতানিয়াহু। অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোকে নতুন জোটে যোগ না দিতে চাপ দিচ্ছেন তিনি। পাশাপাশি আরব দলগুলোর সমর্থননির্ভর সরকার গঠনের বিরোধিতা করছেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইজেনকটকে বাধা দিলেই যে নেতানিয়াহু নিজে সরকার গঠনের সুযোগ পাবেন, তা নিশ্চিত নয়। চ্যানেল ১৪ এর বিশ্লেষক এফরাত ব্রেনার বলেন, অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস দলকে আইজেনকটের জোটে যোগ দেওয়া থেকে বিরত রাখতে পারলেও নেতানিয়াহুর পক্ষে প্রয়োজনীয় ৬১ ভোট নিশ্চিত করা কঠিন হবে।
মারিভের বিশ্লেষক আন্না বারস্কির মতে, লিকুদ পার্টির নেতাদের মধ্যেও নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে। দলটির কেউ কেউ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ‘অলৌকিক কিছুর’ অপেক্ষায় আছেন।
রাজনৈতিক সংকটের পাশাপাশি দুর্নীতির মামলাও নেতানিয়াহুর ভবিষ্যতের জন্য বড় বাধা। তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া ঠেকাতে অভিযুক্ত আইনপ্রণেতাদের ওপর বিধিনিষেধ আরোপের একটি প্রস্তাবিত আইন নিয়েও আলোচনা চলছে। আইজেনকট সফল হলে নেতানিয়াহুর ক্ষমতায় ফেরার পথ আরও জটিল হয়ে উঠতে পারে।
ভোরের আকাশ/এম