হরমুজে ইরানের হামলা
জাহাজে আগুন, ১০ ভারতীয় নাবিক উদ্ধার, নিখোঁজ ১

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেলে সেটি পরিত্যাগ করেন নাবিকরা। এ ঘটনায় জাহাজে থাকা ১০ ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। রোববার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওমানের উপকূলে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সি হামলার শিকার হয়। হামলার পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাবিকরা নিরাপত্তার জন্য জাহাজ ত্যাগ করেন।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটিতে থাকা ১১ জন নাবিকই ভারতের নাগরিক। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন নাবিক এখনও নিখোঁজ রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সিতে হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। একজন এখনও নিখোঁজ রয়েছেন।”
এদিকে, জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। হরমুজ প্রণালিতে চলাচলে বাধার কারণে জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়েছে এবং বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কয়েকটি জাহাজ ‘অননুমোদিত পথে’ নৌপথ অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হলেও তারা তা মানেনি। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় থাকবে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আইআরজিসির বিবৃতির প্রায় এক ঘণ্টা পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তারা অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ/সু.পা