যে মুসলিম যুবক জয় করেছেন কোটি কোটি হিন্দুর মন, কে এই হুসাইন মানসুরি?

ধর্ম-বর্ণের বিভাজন নয়, মানবতাকেই নিজের পরিচয় বানিয়েছেন ভারতের মুম্বাইয়ের সমাজসেবী ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতা হুসাইন মানসুরি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তদের খাবার পৌঁছে দেওয়া, ক্যানসার রোগীদের সহায়তা এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার মানবিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে প্রশংসা পেয়েছেন তিনি।
মুম্বাইয়ের মাহিম এলাকায় সাধারণ এক পরিবারে জন্ম নেওয়া হুসাইন মানসুরির শৈশব ছিল অভাব-অনটনে ভরা। পরিবারের আর্থিক সংকটের কারণে ছোটবেলা থেকেই বিভিন্ন কাজ করতে হয়েছে তাকে। একসময় দ্বিতীয় হাতের পোশাক পরেই দিন কাটিয়েছেন। পরে মুম্বাইয়ের Cardinal Gracious High School থেকে পড়াশোনা শেষ করে Rizvi College থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে Jet Airways-এ চাকরি করার পাশাপাশি ওয়েটার হিসেবেও কাজ করেছেন। কর্মজীবনে মানুষের জীবনসংগ্রাম কাছ থেকে দেখার অভিজ্ঞতাই তাকে মানবসেবায় অনুপ্রাণিত করে।
করোনা মহামারির সময় গৃহহীন ও অসহায় মানুষের মধ্যে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আলোচনায় আসেন হুসাইন। এরপর থেকে ক্যানসার রোগীদের চিকিৎসা সহায়তা, দরিদ্র শিশুদের শিক্ষা, প্রবীণদের সহযোগিতা, পথশিশুদের খাবার বিতরণ এবং পথপ্রাণীর সেবাসহ নানা মানবিক কর্মকাণ্ড নিয়মিত চালিয়ে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হয় এমন একটি ভিডিও, যেখানে রাস্তার পাশে পড়ে থাকা হিন্দু দেব-দেবীর ছবি সম্মানের সঙ্গে সরিয়ে যথাযথভাবে সংরক্ষণ করতে দেখা যায় তাকে। ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয় এবং বিভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে প্রশংসা কুড়ায়।
হুসাইন মানসুরির মূল দর্শন একটি উর্দু বাক্যে প্রকাশ পায়—"Tu bas dua kama, phir tujhse amir koi nahi"; অর্থাৎ, "মানুষের দোয়া অর্জন করো, এর চেয়ে বড় সম্পদ আর নেই।"
বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারী এক কোটিরও বেশি এবং ইউটিউবেও রয়েছে লাখো গ্রাহক। তার ভিডিওগুলো নিয়মিত লাখো মানুষ দেখেন, যেখানে মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের বার্তা তুলে ধরা হয়।
ব্যক্তিগত জীবনে হুসাইন মানসুরি বিবাহিত। স্ত্রী সাফা মানসুরি ও দুই সন্তানকে নিয়ে তার পরিবার। পরিবারের সমর্থন নিয়েই তিনি মানবসেবার কাজ চালিয়ে যাচ্ছেন।
অভাবের জীবন থেকে উঠে এসে মানবতাকে জীবনের মূলমন্ত্র বানানো হুসাইন মানসুরি আজ শুধু একজন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা নন, বরং অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণার একটি নাম।
ভোরের আকাশ/এনএ