ইসরায়েল ও তার মিত্রদের তেল-গ্যাস স্থাপনায় হামলার হুমকি তেহরানের

ইরানের জ্বালানি স্থাপনায় নতুন করে হামলা চালানো হলে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা তার মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট সব তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সোমবার (৮ জুন) নির্ভরযোগ্য সূত্রের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফারস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালাবে ইরানি সশস্ত্র বাহিনী।
সূত্রগুলোর দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের অংশীদারত্ব রয়েছে—এমন যেকোনো তেল, গ্যাস বা জ্বালানি কোম্পানিকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান।
এর আগে ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত মাহশাহর পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের বন্দরনগরী হাইফায় অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান।
গত এপ্রিলে একই ধরনের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এছাড়া রোববার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল।
এর জবাবে একই রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। পরদিন সোমবার সকালে ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে ইরানের রাজধানী তেহরান, ইসফাহানসহ তিনটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর এক ঘণ্টার মধ্যেই ইরান থেকেও নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু হয়। দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলও ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে। সূত্র: ফারস নিউজ।
ভোরের আকাশ/সু.পা