ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

ইতালির স্কুলগুলোতে হিজাব ও বোরকা নিষিদ্ধ করার পাশাপাশি প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পরিকল্পনা করছে দেশটির সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) ইতালির ক্ষমতাসীন দল ‘ব্রাদার্স অব ইতালি’-র যুব সংগঠন আয়োজিত এক জাতীয় যুব উৎসবে বক্তব্য দেওয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই নতুন পরিকল্পনার কথা প্রকাশ করেন।
ইতালির প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, ইতালির নিজের মাটিতে দেশের শিশুরাই ক্লাসরুমে কোণঠাসা হয়ে পড়বে, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মেলোনি বলেন, ইতালির একটি স্কুলে আমাদের নিজের দেশের বাচ্চারা সংখ্যালঘু হয়ে পড়বে আর নিজেদের অসহায় ভাববে, এমনটা হতেই দেওয়া যায় না।
প্রস্তাবিত এই নিয়ম চালুর পর ইতালির স্কুলে বিদেশি শিক্ষার্থীরা ইচ্ছা করলেই আর হিজাব বা বোরকা পরে আসতে পারবে না। শুধু তা-ই নয়, যেসব বিদেশি শিশু নতুন পরিবেশে ও ভাষার সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারছে না, তাদের বাবা-মাকেও ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারের বিশ্বাস, এতে করে বিদেশি পরিবারগুলোর সঙ্গে দেশের সাংস্কৃতিক দূরত্ব কমে আসবে।
ইতালীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রস্তাবটি খুব দ্রুতই সরকারের মন্ত্রিপরিষদে তোলা হবে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই এটি স্থায়ী আইন হিসেবে কার্যকর হবে।
ভোরের আকাশ/আ.র