পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর গুলিবর্ষণে নিহত ১৩

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি সড়ক তল্লাশি চৌকিতে (চেকপোস্ট) ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা ও পরবর্তী গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় মোট ১৩ জন নিহত হন এবং প্রায় ৩৫ জন আহত হয়েছেন।
শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি সড়কের পাশে পুলিশের তল্লাশি চৌকিতে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণে চৌকিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজির বরাতে এপি জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশু রয়েছে। নিহত ও আহতদের বেশিরভাগই নিরাপত্তাকর্মী ও পথচারী বলে জানিয়েছেন স্থানীয় পুলিশপ্রধান সফদার বালোচ।
হামলার পর আহতদের হাসপাতালে নেওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সে বন্দুকধারীরা গুলি চালায়। এতে একজন উদ্ধারকর্মী নিহত এবং আরও দুজন আহত হন।
পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র হামলা বেড়েছে। এসব হামলার বড় একটি অংশের দায় টিটিপি এবং বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি স্বীকার করেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়েছেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাকিস্তানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, আফগানিস্তানের তালেবান সরকার তাদের ভূখণ্ডে টিটিপি সদস্যদের কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছে। তবে আফগান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে।
হামলার দুই দিন আগে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত ১৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার। এর আগে আফগানিস্তানের ভেতরে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর অবস্থানে পাকিস্তানি হামলার ঘটনাও ঘটে।
নতুন করে সংঘাত বাড়ায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় চীন, তুরস্ক, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতার উদ্যোগও হুমকির মুখে পড়েছে।
ডেরা ইসমাইল খান দক্ষিণ ওয়াজিরিস্তানের কাছে অবস্থিত। এলাকাটি দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার জন্য পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে নিরাপত্তা বাহিনী একাধিক অভিযান চালিয়েছে।
ভোরের আকাশ/আ.র