ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখাল মাঠে ঢাকা-৬ আসনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে আয়োজিত ওই সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এই দেশে গণহত্যা করেছে ও গুম-খুন করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে। ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে দেয়া হবে না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে আমরা রক্ত দিয়েছিলাম— গণতন্ত্রের জন্য, ফ্যাসিবাদকে রুখে দেয়ার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সেভাবেই রাজপথে থাকব।
সালাহউদ্দিন আহমদ বলেন, যেকোনো মূল্যে চব্বিশের গণহত্যাকারীদের বিচার করা হবে। স্বাধীনতার পর যারা সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের কোনোভাবেই এ দেশে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না।
তিনি বলেন, আমরা চাই শেখ হাসিনা আসুক, প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে দেয়া হোক। এসে সাজা ভোগ করুক অথবা আপিল করার সুযোগ থাকলে আপিল করুক। আওয়াজ দিয়ে লাভ নেই।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পার্শ্ববর্তী বহু দেশে আমাদের চেয়ে কয়েকগুণ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়েছে। যেহেতু বর্ডারে তেল পাচার হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক বাজারেও বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের বাধ্য হয়ে তেলের দাম কিছুটা বৃদ্ধি করতে হয়েছে। সেজন্য আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানও বারবার দুঃখ প্রকাশ করছেন।
বিরোধীদলের লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, ৭ মাস না পেরোতে লংমার্চ করেন সমস্যা নেই। এ দেশের মানুষ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নেই।
ভোরের আকাশ/জেআ