ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না: জার্মান চ্যান্সেলর

ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বলেন, ইরানের সামরিক পরমাণু কর্মসূচি থামাতে এখন পর্যন্ত কূটনৈতিক সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পাশাপাশি, তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারেও সমর্থন পুনর্ব্যক্ত করেন।
রোববার (১৫ জুন) জার্মান সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন চ্যান্সেলর মের্জ। জার্মান চ্যান্সেলরের দপ্তর থেকে জানানো হয়, দুই নেতা ইরান-ইসরায়েল উত্তেজনা প্রশমনে কূটনৈতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এ সময় মের্জ ওমানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে বলেন, এই পরিস্থিতিতে আরও রক্তপাত এড়াতে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যেই মাসকটে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার ষষ্ঠ দফা বাতিল করা হয়েছে। আলোচনা শুরুর আগেই ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোয় এই সিদ্ধান্ত নেয়া হয়।
চ্যান্সেলর মের্জ জানান, ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে এবং তা দ্রুত সরবরাহের প্রস্তুতি চলছে। তিনি হুঁশিয়ার করে বলেন, এই যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় এবং ইরান যেন ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা বন্ধ করে— তা নিশ্চিত করা জরুরি।
প্রসঙ্গত, গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের পরমাণু, ক্ষেপণাস্ত্র ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করেছে। জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন এলাকায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
ভোরের আকাশ//হ.র