হরমুজের দিকে আসছে ফরাসি রণতরী ‘চার্লস দ্য গল’

হরমুজ প্রণালিকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফ্রান্সের পারমাণবিক শক্তিচালিত রণতরী ‘চার্লস দ্য গল’ সুয়েজ খালের দক্ষিণ পেরিয়ে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। ফ্রান্স জানিয়েছে, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপনের সম্ভাব্য প্রতিরক্ষামূলক মিশনের প্রস্তুতির অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফরাসি সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে কার্যত অচলাবস্থায় থাকা হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করতেই রণতরীটি ওই অঞ্চলের দিকে যাচ্ছে। যুদ্ধের আগে বিশ্বে মোট তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হতো।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি বহুজাতিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। তাদের দাবি, সম্ভাব্য এই মিশন পুরোপুরি প্রতিরক্ষামূলক হবে এবং চলমান সংঘাত শেষ হওয়ার পর তা বাস্তবায়ন করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, এই উদ্যোগ জাহাজ মালিক ও বিমা কোম্পানিগুলোর আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। তিনি আরও বলেন, এটি যুদ্ধরত পক্ষগুলোর বাইরে একটি স্বতন্ত্র উদ্যোগ।
এর আগে ম্যাক্রোঁ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। পরে তিনি জানান, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করবেন।
ফরাসি প্রেসিডেন্সির এক কর্মকর্তা জানান, আলোচনার প্রস্তাব অনুযায়ী ইরানকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হবে। বিনিময়ে তেহরান পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সম্মত হবে। একইভাবে যুক্তরাষ্ট্রও অবরোধ শিথিলের বিনিময়ে ইরানের কাছ থেকে আলোচনার প্রতিশ্রুতি পেতে পারে। সূত্র: আল-জাজিরা
এদিকে ট্রাম্প আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেও সতর্ক করে বলেছেন, তেহরান মার্কিন প্রস্তাব গ্রহণ না করলে আবারও হামলা শুরু হতে পারে। তবে ইরান জানিয়েছে, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া প্রস্তাবটি এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে এবং আনুষ্ঠানিক জবাব দেওয়া হয়নি।
ভোরের আকাশ/সু.পা