পাকিস্তানকে জে-৩৫ই স্টেলথ যুদ্ধবিমান দিচ্ছে চীন

পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান জে-৩৫এই সরবরাহ করতে যাচ্ছে চীন। এই খবর সামনে আসতেই দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগ দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চীনা গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জে-৩৫ই যুদ্ধবিমান চীনের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছর প্যারিস এয়ার শোতে এই বিমানের প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে এর সক্ষমতা নিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল।
জে-৩৫ সিরিজ চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এর আগে জে-২০ সিরিজ ছিল দেশটির প্রধান স্টেলথ ফাইটার। জে-৩৫ই মূলত শত্রুপক্ষের রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা সম্পন্ন একটি আধুনিক যুদ্ধবিমান, যেখানে উন্নত ইনফ্রারেড ও স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
চীন এই বিমানকে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ সিরিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করছে। দেশটির দাবি, জে-৩৫ই তুলনামূলকভাবে কম খরচে উচ্চ প্রযুক্তির যুদ্ধ সক্ষমতা প্রদান করে এবং ইতিমধ্যে কিছু দেশের কাছে এই সিরিজের বিমান বিক্রিও হয়েছে।
প্রথমদিকে এই সিরিজের বিমান চীনের নৌবাহিনীতে ব্যবহার করা হলেও এখন বিমানবাহিনীতেও এটি অন্তর্ভুক্ত করা হচ্ছে। সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক অস্ত্রবাজারে অবস্থান শক্ত করতে চীন এই উদ্যোগ নিয়েছে বলে বিশ্লেষকদের মত।
পাকিস্তান আগে থেকেই এই যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছিল। এখন চূড়ান্তভাবে এই অত্যাধুনিক স্টেলথ ফাইটার তাদের হাতে যাওয়ার পথে রয়েছে বলে জানা গেছে। এতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সামরিক সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
ভোরের আকাশ/সু.পা