প্যারিস শিগগিরই একটি মুসলিম নগরীতে পরিণত হবে: ট্রাম্প

ফ্রান্সের চলমান অস্থিরতা ও সংকটের জন্য দেশটির অভিবাসন নীতিকে দায়ী করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে নতুন করে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, এভাবে চলতে থাকলে প্যারিস খুব দ্রুত একটি ‘মুসলিম নগরী’তে পরিণত হতে পারে।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বিরুদ্ধে ফরাসি সীমান্ত খোলা রেখে অবাধে মানুষকে ঢোকার সুযোগ দেওয়ার অভিযোগ তোলেন ট্রাম্প। তিনি বলেন, সীমান্ত নিয়ন্ত্রণে রাখার বিষয়ে ট্রাম্প আগে যে সতর্কবার্তা দিয়েছিলেন, তা উপেক্ষা করেছেন ম্যাক্রোঁ।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘প্যারিস খুব শিগগিরই একটি মুসলিম নগরী হতে চলেছে, আর এমনটি হওয়ার কথা ছিল না। আপনি পুরো বিশ্ব থেকে মানুষকে ঢোকার পথ খুলে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ সেখানে চলে আসছে।’
ফ্রান্সের এই সংকটের মূল কারণ হিসেবে ম্যাক্রোঁর শিথিল অভিবাসন নীতিকেই দায়ী করেন ট্রাম্প। তিনি আরও জানান, তাদের প্রথম সাক্ষাতেই ফরাসি প্রেসিডেন্টকে এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন তিনি।
ট্রাম্প বলেন, আমি তাকে আট বা নয় বছর ধরে চিনি। প্রথম দেখা হওয়ার সময়ই আমি তাকে বলেছিলাম, ‘আপনি একটা বিরাট ভুল করছেন’। যুক্তরাষ্ট্রে নিজের প্রশাসনের কড়া অভিবাসন নীতির সঙ্গে ফ্রান্সের পদ্ধতির তুলনা টেনে তিনি যোগ করেন, আমরা আমাদের সীমান্ত বন্ধ করে দিয়েছি, কিন্তু তিনি তা করেননি।
এমন এক সময়ে ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো, যখন ফ্রান্সজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে এবং জাতীয় পরিচয় ও অভিবাসন নীতি নিয়ে দেশটিতে তীব্র রাজনৈতিক বিতর্ক চলছে।
বেশ কিছুদিন ধরেই ফ্রান্সের একাধিক শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ সংঘাত ও সহিংসতায় রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই হিমশিম খাচ্ছে ফরাসি কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/ইউএম