যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকা থেকে সরছে নাম, উচ্ছ্বসিত সিরিয়া

সিরিয়ার ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে দেশটির সরকার। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সাবেক মস্কোপন্থি প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে সিরিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। তবে গত ডিসেম্বরে হায়াত তাহরির আল শামস (এইচটিএস) জোটের আকস্মিক অভিযানে পতন ঘটে আসাদ সরকারের। রাশিয়ায় পালিয়ে যান বাশার আল আসাদ, আর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এইচটিএস নেতা আহমেদ আল শারা।
ক্ষমতার পরিবর্তনের পর থেকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছিল। অবশেষে গত সোমবার ওয়াশিংটন দামেস্ককে জানায়, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ট্রেজারি মন্ত্রণালয়।
এ সিদ্ধান্তের পর এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “এই ইতিবাচক পদক্ষেপের জন্য আমরা যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সবচেয়ে বেশি উপকৃত হবে সাধারণ জনগণ। দেশের মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন গতি সঞ্চারিত হবে।”
প্রসঙ্গত, গত মাসে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সিরিয়া সফরে যায়। এতে সিনেটর জিয়ান্নে শাহীন, হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য জোয়ে উইলসন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক অংশ নেন।
সফরকালে তারা প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন এবং প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, সামাজিক বিষয়ক ও শ্রমমন্ত্রীর সঙ্গেও আলোচনায় বসেন। ধারণা করা হচ্ছে, ওই সফরের পরই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তে পৌঁছায় যুক্তরাষ্ট্র।
সূত্র: আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ//হ.র