২৪ ঘণ্টায় রেকর্ড দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর গ্রিসে প্রবেশ

বৈরী আবহাওয়া ও প্রবল প্রতিকূলতার মধ্যেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২ হাজার ২৭ জন অনিয়মিত অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে পৌঁছেছেন।
গ্রিসের অভিবাসনমন্ত্রী থানস প্লেভরিস জানিয়েছেন, ২০২৬ সালে এক দিনে অভিবাসনপ্রত্যাশীদের আগমনের এটিই সর্বোচ্চ রেকর্ড। রোববার (২৯ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে।
গ্রিক দৈনিক ‘কাথিমেরিনি’-র প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন বিরতির পর গত বৃহস্পতিবার থেকে পূর্ব লিবিয়া হয়ে অভিবাসীদের আসার প্রবাহ আবারও বাড়তে শুরু করে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত এই ঢল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং মোট ২ হাজার ২৭ জন অভিবাসী দ্বীপটিতে এসে পৌঁছান।
গ্রিসের অভিবাসন মন্ত্রী থানোস প্লেভরিস এই ঘটনাকে চলতি বছরের সর্বোচ্চ আগমনের হার হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আরও কয়েকশ অভিবাসী দ্বীপটির উদ্দেশে রওনা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন করে আরও প্রায় ৬০০ অভিবাসী ক্রিটের দিকে অগ্রসর হচ্ছেন। এমন এক সময়ে তারা সাগর পাড়ি দিচ্ছেন, যখন গ্রিসের অধিকাংশ এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। আবহাওয়ার এই বৈরী পরিস্থিতি সোমবার নাগাদ ক্রিট দ্বীপেও আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সমুদ্র ও স্থলপথ মিলিয়ে অন্তত ৪১ হাজার অভিবাসী গ্রিসে প্রবেশ করেছেন। এর মধ্যে ২৫ হাজারেরও বেশি মানুষ শুধু ক্রিট দ্বীপেই আশ্রয় নিয়েছেন।
ভোরের আকাশ/আ.র