ক্রিমিয়ায় রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলা

অধিকৃত ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার যুদ্ধজাহাজ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। এতে জাহাজের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, রাতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। ইউক্রেনীয় ড্রোন কৃষ্ণসাগরীয় বন্দর এলাকায় রুশ স্থাপনায় আঘাত হানে। পাল্টা জবাবে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে হামলা চালায়।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ক্রিমিয়ার সেভাস্তোপোল উপসাগরে দুটি রুশ যুদ্ধজাহাজ ও একটি রাডার স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে প্রায় ১৫০ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাডার ব্যবস্থাও ধ্বংস হয়েছে বলে দাবি তাদের।
অন্যদিকে রাশিয়ার তুয়াপসে বন্দরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, এতে অন্তত একজন নিহত এবং একজন আহত হয়েছেন। পাশাপাশি পরিবহন অবকাঠামোরও বড় ধরনের ক্ষতি হয়েছে। গত কয়েক দিনের মধ্যে এ বন্দরটি একাধিকবার হামলার শিকার হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ১১২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়া কিয়েভ, খারকিভ, খেরসন, সুমি ও জাপোরিঝিয়া অঞ্চলে একাধিক হামলা চালিয়েছে।
কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক অভিযোগ করেন, রাশিয়ার হামলার লক্ষ্য ছিল বেসামরিক মানুষ ও আবাসিক এলাকা।
চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনা হলেও এখনো যুদ্ধবিরতির কোনো সমাধান আসেনি। ইউক্রেন ফ্রন্টলাইন ধরে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করে পুরো দোনেৎস্ক অঞ্চল দখলের দাবি জানিয়ে আসছে।
ভোরের আকাশ/সু.পা