শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ট্রাম্প-পুতিনের বন্ধুত্বকে হিটলারের বন্ধুত্বের সঙ্গে তুলনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ট্রাম্প-পুতিনের বন্ধুত্বকে হিটলারের বন্ধুত্বের সঙ্গে তুলনা
ট্রাম্প-পুতিনের বন্ধুত্বকে হিটলারের বন্ধুত্বের সঙ্গে তুলনা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারকে বন্ধু বলার সঙ্গে তুলনা করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিতে জেলেনস্কির সাক্ষাৎকারের এসব কথা উঠে আসে।

কিয়েভের কেন্দ্রস্থলে নিজের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি অভিযোগ করেন, শান্তি আলোচনায় রাশিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করছে না যুক্তরাষ্ট্র। পুতিনকে আলিঙ্গনরত নিজের একটি ছবি ট্রাম্প প্রকাশ করায় বিষয়টিকে ‘অদ্ভুত’ বলেও মন্তব্য করেন তিনি।

ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘অবশ্যই এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়। তবে... এটা অদ্ভুত।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি (পুতিন) একজন আগ্রাসী এবং হত্যাকারী... তিনি বন্ধু হতে পারেন না। কোনোভাবেই না। এটা অনেকটা এমন ছিল যেন আপনি (ট্রাম্প) বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে আপনার বন্ধুত্ব ছিল।

২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষায় সতর্ক অবস্থান নিয়েছেন জেলেনস্কি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে এবং বিপুল প্রাণহানি ঠেকাতে ট্রাম্পের দুই প্রতিনিধি শান্তিচুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে প্রায়ই তাদের অবস্থান কিয়েভের চেয়ে মস্কোর অবস্থানের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।

চলতি মাসের শুরুতে আবুধাবিতে মধ্যস্থতায় অনুষ্ঠিত সর্বশেষ দফার শান্তি আলোচনায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। জেলেনস্কি পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমরা যত বেশি জানতে পারছি, সমস্যা তত বাড়ছে।’

তিনি জানান, ডিসেম্বরে আবারও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে নিজের বৈঠকে তিনি রাশিয়াকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলেও তিনি বিশ্বাস করেন।

তবে রাশিয়ার প্রকাশ্য বক্তব্য থেকে মনে হচ্ছে, প্রায় সব বিষয়ে দেশটি আবারও আলোচনার শুরুতে থাকা কঠোর অবস্থানে ফিরে গেছে।

জেলেনস্কি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনার টেবিলে ইউরোপীয় প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা জানালেও শেষ পর্যন্ত তারা থাকবেন কি না, তা স্পষ্ট নয়।

এ ক্ষেত্রে ক্রেমলিনের আপত্তি রয়েছে বলে মনে হচ্ছে।

জেলেনস্কি বলেন, ‘আগ্রাসীর সঙ্গে যখন আপনি খুব বেশি নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, তখন এর অর্থ দাঁড়ায় আপনি একই সঙ্গে ভুক্তভোগী ও আগ্রাসী উভয়কেই সমর্থন করছেন। এটি ঠিক নয়।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বক্তব্য, দুই পক্ষের মধ্যে টেকসই শান্তিচুক্তির জন্য জটিল প্রচেষ্টায় তারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে।

বৃহস্পতিবার পুতিনকে বন্ধু বলার বিষয়ে আবারও প্রশ্ন করা হলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা হত্যাকাণ্ড বন্ধ করতে চাই। আমি বলতে পারি, তিনি আমার বন্ধু নন... আমি একটি চুক্তিতে পৌঁছাতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি সেখানে গিয়ে বলতে পারি, আমি আপনাকে পছন্দ করি না। কিন্তু তাতে জেলেনস্কি ও পুতিনের সঙ্গে আমাদের যে সমস্যা রয়েছে, সেটিই থেকে যাবে।’

ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, এই সমঝোতার পথে সবচেয়ে বড় সমস্যা হলো, দুই নেতা একে অপরকে সত্যিই ঘৃণা করেন।’

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: