‘মোদির কাছ থেকে শিক্ষা নিতে পারে নেতানিয়াহু’: ইসরায়েলের বিশেষজ্ঞের মন্তব্য

ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ জাকি শালোম বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৌশলগত সিদ্ধান্ত থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিক্ষা নিতে পারেন। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড জায়োনিস্ট স্ট্র্যাটেজির এই সিনিয়র ফেলো বলেন, জাতীয় মর্যাদা শুধুমাত্র প্রতীকী নয়, বরং এটি কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহার করা যায়।
শালোমের মতে, মোদি মার্কিন শুল্কনীতি মোকাবিলা এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে যে দৃঢ় অবস্থান দেখিয়েছেন, তা প্রমাণ করে জাতীয় সম্মান কোনো বিলাসিতা নয়, বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ।
তিনি উদাহরণ দেন, রাশিয়া থেকে তেল আমদানি করায় যুক্তরাষ্ট্র ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপ করলেও মোদি সরকার দৃঢ় অবস্থান ধরে রেখেছিল। এছাড়া পাকিস্তান সীমান্ত সংঘাতের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। শালোম বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার ফোন করলেও মোদি সাড়া দেননি। এটি শুধু অর্থনৈতিক বা সামরিক কারণে নয়, জাতীয় মর্যাদার প্রশ্নেও তাদের দৃঢ় অবস্থান।”
অপর দিকে, গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে বোমা হামলার পর ইসরায়েলি সরকারের প্রতিক্রিয়া শালোমের সমালোচনার মুখে। ওই ঘটনায় অন্তত ২০ জন নিহত হন। তিনি বলেন, “নেতানিয়াহু এবং আইডিএফ আলাদা আলাদা প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক মহলে ক্ষোভ প্রশমনের চেষ্টা করেছেন, কিন্তু এতে পরোক্ষভাবে নিরীহ মানুষের হত্যার দায় স্বীকার হয়েছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বিপজ্জনক।”
শালোম উপসংহারে উল্লেখ করেন, জটিল পরিস্থিতিতেও জাতীয় মর্যাদা রক্ষা করা অপরিহার্য। তিনি বলেন, “ভারতের কাছ থেকে শিক্ষা নিয়ে ইসরায়েলকে বুঝতে হবে—রাষ্ট্রীয় সম্মান কোনো বিলাসিতা নয়, এটি কৌশলগতভাবে টিকে থাকার জন্য অপরিহার্য।”
সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ//হ.র