পশ্চিমবঙ্গে চলছে শেষ দফা ভোটগ্রহণ, সীমান্তে নিরাপত্তা জোরদার

আজ বুধবার (২৮ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলছে। ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ-সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ভোটের আগে শেষ দিনে প্রচারণায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন ।
প্রশাসন সূত্রে জানা গেছে, উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে রোববার সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। জেলা প্রশাসক ও নির্বাচনী কর্মকর্তা শিল্পা গৌরীসারিয়ার নির্দেশে এ ব্যবস্থা কার্যকর করা হয়।
তবে জরুরি চিকিৎসা সেবা, ভোটারদের যাতায়াত এবং দ্রুত নষ্ট হয় এমন পণ্য পরিবহনের ক্ষেত্রে আংশিক ছাড় রাখা হয়েছে। এ বিধিনিষেধের ফলে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং যাত্রী চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। একই সঙ্গে দর্শনা-গেদে স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন কার্যক্রমও স্থগিত থাকায় পাসপোর্টধারীরা যাতায়াত করতে পারছেন না।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৭টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ দফায় সাত জেলার ১৪২টি আসনে মোট ১,৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২,৩৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার বড় অংশ সীমান্ত এলাকাগুলোতে দায়িত্ব পালন করছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/সু.পা